# গুলি করে ফেলে জবাই করলে কোরবানি হবে কি?

> না, এভাবে কোরবানি হবে না। গুলি করার পর পশু সুস্থ-সবল সাধারণ পশু থাকে না, তার চলাচলের সামর্থ্য নষ্ট হয়ে যায়। তবে প্রাণ বের হওয়ার আগে জবাই করলে জবাই বিশুদ্ধ হবে এবং গোস্ত খাওয়া হালাল হবে। যাঁরা এমন জায়গায় আছেন, তাঁরা প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোথাও কোরবানি করাবেন।

**প্রশ্ন:** কোনো কোনো দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা?

## বিস্তারিত উত্তর (শায়খ আহমাদুল্লাহ)

শায়খ আহমাদুল্লাহ বলেন, এভাবে কোরবানি করলে কোরবানি হবে না। তবে প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবাই করলে জবাই হয়ে যাবে এবং গোস্ত খাওয়া হালাল হবে।

কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়। তাতে দেখা যায়, পশু চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ বা আহত হয়ে পড়ে যে পা ভাঙা, কিংবা গোয়াল থেকে জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, এমন অসুস্থ, দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি জায়েজ নয়।

গুলি করে ফেলে দেওয়ার পর পশুটা আর চলাচলের উপযোগী থাকল না, দুর্বল হয়ে গেল। এরপর সেটা দিয়ে কোরবানি করলে, যেহেতু এটা আর সুস্থ-সবল সাধারণ পশু থাকল না, তাই কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না। কিন্তু প্রাণ বের হওয়ার আগে জবাই করে থাকলে ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হবে এবং গোস্ত খাওয়া হালাল হবে।

যাঁরা এমন কোনো জায়গায় আছেন যেখানে এই প্রসেস ছাড়া পশু জবাই করা যায় না, তাঁরা তাঁদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন।

## মূল কথা

- গুলি করে ফেলে জবাই করলে কোরবানি হবে না
- গুলির পর পশু চলার অযোগ্য ও দুর্বল হয়ে যায়
- প্রাণ বের হওয়ার আগে জবাই করলে গোস্ত হালাল
- এমন জায়গায় থাকলে প্রতিনিধির মাধ্যমে অন্যত্র কোরবানি করাতে হবে

## দলিল ও রেফারেন্স

### সুনানে নাসাঈ, হাদিস ৪৩৭১ (সহিহ)

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَاللَّيْثُ بْنُ سَعْدٍ، وَذَكَرَ، آخَرَ وَقَدَّمَهُ أَنَّ سُلَيْمَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُمْ عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَشَارَ بِأَصَابِعِهِ وَأَصَابِعِي أَقْصَرُ مِنْ أَصَابِعِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُشِيرُ بِأَصْبُعِهِ يَقُولُ ‏ "‏ لاَ يَجُوزُ مِنَ الضَّحَايَا الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَجْفَاءُ الَّتِي لاَ تُنْقِي ‏"‏ ‏.‏

সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... উবায়দ ইবন ফায়রূয (রহঃ) সূত্রে বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তখন তিনি তাঁর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করছিলেন। আর আমার অঙ্গুলি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল অপেক্ষা ছোট। তিনি তাঁর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বললেনঃ কুরবানীতে জায়েয নয় কানা পশু, যার কানা হওয়া প্রকাশ্য; খোঁড়া পশু, যার খোঁড়া হওয়া প্রকাশ্য; রুগ্ন পশু, যার রোগ প্রকাশ্য; আর দুর্বল পশু, যার হাঁড়ে মজ্জা নেই।

সূত্র: https://sunnah.com/nasai:4371

### সহিহ বুখারি, হাদিস ৫৫০৩ (সহিহ)

حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رَافِعٍ، عَنْ جَدِّهِ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لَنَا مُدًى‏.‏ فَقَالَ ‏"‏ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، لَيْسَ الظُّفُرَ وَالسِّنَّ، أَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ، وَأَمَّا السِّنُّ فَعَظْمٌ ‏"‏‏.‏ وَنَدَّ بَعِيرٌ فَحَبَسَهُ فَقَالَ ‏"‏ إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَاصْنَعُوا هَكَذَا ‏"‏‏.‏

রাফি‘ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ হে আল্লাহর রাসূল! আমাদের কাছে কোন ছুরি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ যে জিনিস রক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহরনাম নেয়া হয়, তা খাও। তবে দাঁত ও নখ দিয়ে নয়। নখ হল হাবশীদের ছুরি আর দাঁত হল হাড়। তখন একটি উট পালিয়ে গেল। তীর নিক্ষেপ করে সেটিকে আটকানো হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ সকল উটের মধ্যে বুনো জানোয়ারের মত পালিয়ে যাবার অভ্যাস আছে। কাজেই তাত্থেকে কোনটি যদি তোমাদের আয়ত্বের বাইরে চলে যায়, তাহলে তার সঙ্গে তেমন ব্যবহার কর। [২৪৮৮] (আধুনিক প্রকাশনী- ৫০৯৭, ইসলামিক ফাউন্ডেশন)

সূত্র: https://sunnah.com/bukhari:5503

## সম্পর্কিত প্রশ্ন

**গুলি করার পর জবাই করলে গোস্ত খাওয়া যাবে কি?**
যদি প্রাণ বের হওয়ার আগে আগে জবাই করা হয়, তাহলে জবাই বিশুদ্ধ হবে এবং গোস্ত খাওয়া হালাল হবে। তবে সেটা কোরবানি হিসেবে গণ্য হবে না।

**যে দেশে গুলি ছাড়া জবাই করা যায় না, সেখানে কোরবানি কীভাবে করব?**
প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করতে হবে।

উৎস: https://deeniprosnouttor.org/proshno/guli-kore-fele-jobai-korle-kurbani-hobe-ki
